Wed 12th Aug 2026, 5:07 pm

ভারত-আফগানিস্তান সিরিজ চূড়ান্ত, বাংলাদেশের সফর নিয়ে নতুন শঙ্কা

ভারত-আফগানিস্তান সিরিজ চূড়ান্ত, বাংলাদেশের সফর নিয়ে নতুন শঙ্কা
ভারতের বহু প্রতীক্ষিত বাংলাদেশ সফর চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, কারণ একই সময়ে আফগানিস্তানের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে ভারত। রাজনৈতিক অস্থিরতা ইতোমধ্যেই এই সফরকে ঘিরে সংশয় তৈরি করেছিল, এবার সূচি সংক্রান্ত জটিলতা সিরিজটিকে কার্যত স্থগিতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, ভারতীয় ক্রিকেট দলের আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ছিল, যেখানে ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল। তবে, হিন্দুস্তান টাইমস ও ক্রিকবাজের তথ্যমতে, আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সিরিজের বাকি ম্যাচগুলো ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), যদিও খেলা হবে ভারতে।

এসিবি'র প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান তাদের বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে এই সূচি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, “এসিবি এতদ্বারা নিশ্চিত করছে যে আফগানিস্তানের ভারত সফর ২০২৬ (ইভেন্ট) আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসিবি আরও নিশ্চিত করছে যে এই ইভেন্টের তারিখগুলো বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।”

আফগানিস্তানের সঙ্গে ভারতের এই সিরিজের সূচি ঘোষণার ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাবিত সফরের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিসিবির নির্ধারিত ১ থেকে ১৩ সেপ্টেম্বরের সময়সীমার শেষ দিনেই আফগানিস্তান সিরিজের সূচনা হচ্ছে। এতে বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে, যদি না শেষ মুহূর্তে দুই দেশের সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ নির্দেশনা আসে।

উল্লেখ্য, গত বছরের আগস্টেও রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ-ভারত সিরিজটি স্থগিত হয়েছিল। বর্তমানেও দুই দেশের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়, যা সিরিজ আয়োজনে বিসিবি ও বিসিসিআই উভয়ের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে, বিসিসিআই জানিয়েছে যে তারা পুরো বিষয়টি ভারত সরকারের নির্দেশনার উপর ছেড়ে দিয়েছে।