Fri 7th Aug 2026, 4:41 am

শিবসেনা প্রধানের ভুমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি

শিবসেনা প্রধানের ভুমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি

বরাবরই একটু অন্য রকম চরিত্রে অভিনয় করে দর্শককে চমকে দিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। কখনও ‘বাবুমশাই বন্দুকবাজ’,  আবার কখনও ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ কিংবা ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো ভিন্ন স্বাদের সিনেমায় বিভিন্ন চরিত্রে অসাধারণ অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবার রয়েছে আরও এক চমক, শিবসেনা প্রধান বাল ঠাকরের বেশে সকলকে চমকে দিলেন অভিনেতা নওয়াজ।

শিবসেনা নেতা বাল ঠাকরের জীবনি অবলম্বনে তৈরি হচ্ছে ‘ঠাকরে’।  ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ফিল্মের টিজার। 1 মিনিট 40 সেকেন্ডের টিজার পুরোটাই নাটকীয়।  ছবি উপলক্ষ্যে গতকাল, বৃহস্পতিবার সন্ধেয় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, বাল ঠাকরের ছেলে ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও সাংসদ সঞ্জয় রাউত।

অন্য ছবির শ্যুটিংয়ে মরিসাসে থাকায় অনুষ্ঠানে ছিলেন না নওয়াজ। তবে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, বাল ঠাকরের মত অসাধারণ ব্যক্তিত্বর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। বিশ্বের যে কোনও অভিনেতা এই সুযোগ পেলে ধন্য হতেন। তিনি নিশ্চিত, বালাসাহেব তাঁকে এই প্রচেষ্টায় প্রেরণা জোগাবেন, আশীর্বাদ করবেন।