Fri 7th Aug 2026, 4:41 am

আবারো বিয়ে করলেন হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা

আবারো বিয়ে করলেন হৃদয় খানের সাবেক স্ত্রী সুজানা

হঠাৎ সোমবার দুপুরে বিয়ের খবর প্রকাশ্যে আসে একসময়ের মডেল ও অভিনয়শিল্পী সুজানার। বিয়ের খবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানালেও কবে, কখন বিয়ে করেছেন, সে ব্যাপারে কিছুই উল্লেখ করেননি। এমনকি স্বামীর নাম–পরিচয়ও উল্লেখ করেননি। শুধু এটুকু বলেছিলেন, স্বপ্ন সত্যি হয়েছে।

অবশেষে নিজেই জানালেন বিয়ে নিয়ে সবকিছু। সুজানা জানালেন, তাঁর বরের নাম সৈয়দ হক। পেশায় দুবাইয়ের একজন ব্যবসায়ী তিনি। সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানার। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। সুজানা বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।‘

একসময় প্রেম করে তরুণ জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানকে বিয়ে করেছিলেন মডেল ও অভিনেত্রী সুজানা। তারপর সেই বিয়ে গড়ায় বিচ্ছেদে। নিজেও ছাড়েন দেশ। মিডিয়াকে বলেন গুডবাই।

প্রায় সাত বছর আগেই মিডিয়া ছেড়ে ধর্মের প্রতি অনুরাগী হয়ে দুবাইতে স্থায়ী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে মিডিয়ার কারো সঙ্গেই তেমন যোগাযোগ রাখেননি তিনি।

বলা যায়, নতুন জীবনে পা রেখেছেন সাবেক এই মডেল ও অভিনয়শিল্পী। গণমাধ্যমকে দুবাই থেকে নিজের বিয়ে খবর নিশ্চিত করেন সুজানা। জানান, গেল ২২ আগস্ট দুবাই কোর্টে বিয়ে করেছেন তিনি।

সুজানা জানান, তার ইচ্ছা ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছাও পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিয়ের দুই দিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।’

প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।