Mon 7th Sep 2026, 5:00 pm

মিস ওয়ার্ল্ড ২০২৬ খেতাব জয়: ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস মুকুট পরলেন

মিস ওয়ার্ল্ড ২০২৬ খেতাব জয়: ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস মুকুট পরলেন
ডোমিনিকান রিপাবলিকের প্রতিভাবান সুন্দরী জোহেইরি মোলা দোমিঙ্গেস এবার মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট নিজের করে নিয়েছেন। ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক জমকালো প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১১১ জন প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে তিনি এই সম্মানজনক বিশ্বসুন্দরীর খেতাব অর্জন করেন।

এর আগে তিনি মিস ওয়ার্ল্ড ডোমিনিকান রিপাবলিক ২০২৫ খেতাব জয়ী হয়েছিলেন, যা তাকে এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ এনে দেয়। ফ্যাশন ও মডেলিং জগতে সুপরিচিত জোহেইরি শুধু একজন মডেল নন, তিনি একইসাথে একজন শিক্ষক, সাংবাদিক এবং সক্রিয় সমাজকর্মী হিসেবেও পরিচিত।

শনিবার রাতে, গতবারের মিস ওয়ার্ল্ড থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি জোহেইরির মাথায় নীল মুকুট পরিয়ে দেন, যা বিজয়ের প্রতীক হিসেবে উজ্জ্বল হয়ে ওঠে।

এখন থেকে এই ডোমিনিকান সুন্দরী আন্তর্জাতিক মঞ্চে মিস ওয়ার্ল্ড সংস্থার বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ এবং বিশ্বব্যাপী ‘বিউটি উইথ আ পারপাস’ প্রচারাভিযানের নেতৃত্ব দেবেন।

এই প্রতিযোগিতায় স্পেনের এলিসাবেথ রেইনেস প্রথম রানারআপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন।