Wed 30th Sep 2026, 12:04 pm

কেয়া পায়েলের অকপট স্বীকারোক্তি: 'হুট করেই হ্যাপিলি ম্যারিড' হওয়ার সম্ভাবনা

কেয়া পায়েলের অকপট স্বীকারোক্তি: 'হুট করেই হ্যাপিলি ম্যারিড' হওয়ার সম্ভাবনা
জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েল তার প্রথম ওয়েব ফিল্ম 'হ্যাপিলি ম্যারিড'-এর ঘোষণা দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছেন। মাস দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে তার একটি পোস্ট দেখে অনেকে ভেবেছিলেন তিনি হয়তো সত্যিই বিয়ে করেছেন। তবে এটি ছিল তার নতুন ওয়েব ফিল্মের প্রচার।

জাহিদ প্রীতম পরিচালিত এই ওয়েব ফিল্মটি ৭ অক্টোবর রাত ১২টায় চরকিতে মুক্তি পেতে চলেছে। ছবিটিতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন কেয়া। তিনি বলেন, 'আমি ভাগ্যে বিশ্বাসী। যখন ভাগ্যে লেখা আছে, তখনই হবে। তবে আমার মনে হয়, এটা হুট করেই হয়ে যাবে, সবাই জানতে পারবে।'

এর আগে গত জুনে এক তরুণকে নিয়ে কেয়া পায়েলের মালদ্বীপ ভ্রমণের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ওই তরুণের নাম প্রাচুর্য, এবং তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এমনকি দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে দেখছে এবং তাদের বিয়ের পরিকল্পনাও রয়েছে বলে গুঞ্জন ওঠে। যদিও এ বিষয়ে কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

অভিনয় জীবনে তার লক্ষ্য প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, 'আমি যেহেতু নিয়মিত নাটকে কাজ করি, তাই ফিল্মে বা ওয়েব ফিল্মে যখন কাজ করব, চাই সেখানে যেন দর্শক আমাকে বিশেষ রূপে দেখতে পায়।' তিনি যোগ করেন, 'অনেক আগে থেকেই ওয়েব ফিল্মের অফার পেলেও, আমি এমন চরিত্র খুঁজছিলাম যেখানে মানুষ আমাকে একটু আলাদাভাবে দেখতে পারবে। 'হ্যাপিলি ম্যারিড' আমাকে সেই সুযোগ করে দিয়েছে, যেখানে দর্শক আমাকে ভিন্নভাবে দেখতে পাবেন।'

চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, 'একজন হিরোর যে উপস্থিতি সবাই চায়, তার সবই আরিফিন শুভর আছে। শুভ ভাই খুবই আন্তরিক, পেশাদার, চুপচাপ এবং সহযোগিতা করেন। তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।'

বর্তমানে কেয়া পায়েল নাটক, বিজ্ঞাপন ও ফ্যাশন জগতে সমানতালে কাজ করছেন। অক্টোবরের শুরুর দিকে তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং মাসের শেষ দিকে দেশে ফিরবেন।