Fri 7th Aug 2026, 4:38 am

প্রতিদিনই হতে পারে ভালোবাসার দিন: দীপিকা

প্রতিদিনই হতে পারে ভালোবাসার দিন: দীপিকা

বিতর্ক আর বিতর্ক। শুরু থেকেই ছবিটি নিয়ে বিতর্ক, যা শেষ পর্যন্ত পিছু ছাড়েনি। তবুও স্বস্তি এই ভেবে যে মানুষ ছবিটি থেকে মুখ ফিরিয়ে নেয়নি। দর্শক ছবিটি দেখেছে এবং প্রশংসায় ভাসিয়েছে। ‘পদ্মাবত’ ভারতীয় ছবির ইতিহাসে অন্যতম সুপারহিট ছবির তকমা পেয়েছে।

ছবিটির বিরুদ্ধে নানারকম প্রতিবাদ ও বিক্ষোভ নিয়ে এতটাই বিব্রত ছিলেন যে এর সাফল্য খুব একটা উপভোগ করার সময় পাননি ছবিটির নায়িকা দীপিকা পাডুকোন। ইতিমধ্যেই চলে এসেছে ‘ভ্যালেন্টাইনস’। ভাবছেন না এসব নিয়েও। তিনি এখন ভাবছেন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘স্বপ্ন দিদি’ নিয়ে।

এ প্রসঙ্গে এই বলিউড সুন্দরী বলেন, এখন তো অনেক কিছুই ঘটছে, তাই ‘পদ্মাবত’-এর সাফল্য উদযাপনের সময় কোথায়। ভ্যালেন্টাইনস নিয়েও খুব একটা ভাবার অবকাশ নেই। এই দিনটি সম্পর্কে আমার একটা অনুভূতিই কাজ করে আর তা হলো মানুষ ইচ্ছে করলে তার জীবনের প্রতিটি দিনই ভ্যালেন্টাইনস ডে হতে পারে। প্রতিদিনই হতে পারে ভালোবাসার দিন। আর একটা কথা, আমি এখন আমার পরবর্তী ছবি স্বপ্ন দিদি নিয়ে ব্যস্ত।

তবুও, পদ্মাবত নিয়ে একদমই ভাবছেন না, তা কিন্তু নয়। তিনি বলেন, সিনেমা একটা শক্তিশালী মাধ্যম। এটা মানুষের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে। পদ্মাবত-ও এর ব্যতিক্রম কিছু নয়। আমরা এখনও এর থেকে ভালোবাসা পাচ্ছি, যা আমাদের পরবর্তী ছবিগুলোতে কাজে লাগবে।