Wed 28th Oct 2026, 3:26 pm
|

টম ক্রুজের প্রাক্তন আনা দে আরমাস কি নতুন সম্পর্কে? ইনস্টাগ্রামে ইঙ্গিত ভেনেজুয়েলান সংগীতশিল্পীর সঙ্গে প্রেমের

টম ক্রুজের প্রাক্তন আনা দে আরমাস কি নতুন সম্পর্কে? ইনস্টাগ্রামে ইঙ্গিত ভেনেজুয়েলান সংগীতশিল্পীর সঙ্গে প্রেমের
হলিউড অভিনেত্রী আনা দে আরমাস সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্যারিস ভ্রমণের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। এসব ছবির মধ্যে ছিল সাধারণ সাজে তোলা সেলফি, সাদা শার্ট ও চশমা পরা আয়নার সামনে দাঁড়ানো মুহূর্ত, শরীরচর্চার ঝলক এবং বিভিন্ন সুস্বাদু খাবারের দৃশ্য।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শেষ ছবিটি, যেখানে একটি জমকালো নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে স্পষ্ট লেখা রয়েছে 'আনা' এবং 'বেতো'র নাম। ভেনেজুয়েলার জনপ্রিয় সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোকে সরাসরি উল্লেখ না করেও এই ছবির মাধ্যমে ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী যেন তার সঙ্গে প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত দিলেন।

এই জুলাই মাসেই আনা ও বেতোকে প্রথমবার একসঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল। এরপর গত আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময় তাদের হাত ধরে হাঁটতে ও একে অপরের প্রতি চুম্বন করতে দেখা যায়।

সূর্যাস্তের সময় নৌকায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও তখন বেশ আলোড়ন তুলেছিল। সবশেষ গত ৬ অক্টোবর তারা প্যারিস ফ্যাশন উইকে লুই ভুইতোর ফ্যাশন শোতে একসঙ্গে হাজির হয়েছিলেন এবং পরে একটি জমকালো পার্টিতেও অংশ নেন।

বেতো মন্টেনেগ্রো হলেন 'রাওয়ায়ানা' ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী ও গিটারবাদক। ২০০৭ সালে গঠিত এই ব্যান্ডটি লাতিন সংগীতজগতে ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে।

বর্তমানে দলটি আন্তর্জাতিক সফরে ব্যস্ত রয়েছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে একটি সফল পরিবেশনা করেছে। বেতোর সঙ্গে আনার সম্পর্কের খবর এমন এক সময়ে সামনে এল, যখন টম ক্রুজের সঙ্গে তার বিচ্ছেদের প্রায় এক বছর পূর্ণ হতে চলেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমে অক্টোবর, ২০২৫ সালে তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়েছিল।