Wed 28th Oct 2026, 5:02 pm
|

নতুন বিতর্কে তানজিন তিশা: শাড়ির মামলার রেশ কাটতে না কাটতেই হুমকির অভিযোগ, অনিশ্চিত ঢালিউড অভিষেক

নতুন বিতর্কে তানজিন তিশা: শাড়ির মামলার রেশ কাটতে না কাটতেই হুমকির অভিযোগ, অনিশ্চিত ঢালিউড অভিষেক
অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে শাড়ি-সংক্রান্ত বিতর্ক যেন থামছেই না। একটি জামদানি শাড়ি নিয়ে চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই এবার ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে মামলার পুনঃ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

এরই মধ্যে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে তিশার বিরুদ্ধে নতুন করে মামলাও হয়েছে। একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে পড়া এই অভিনেত্রীর শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকও পড়েছে অনিশ্চয়তার মুখে।

প্রথম বিতর্কের সূত্রপাত হয় ২০২৫ সালের অক্টোবরে, অনলাইন পোশাক বিক্রির প্রতিষ্ঠান অ্যাপোনিয়ার একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, শাড়িটি নিয়ে প্রচারণার শর্ত থাকলেও তিশা তা করেননি এবং শাড়ির মূল্য ২৮ হাজার ৮০০ টাকাও পরিশোধ করেননি।

অ্যাপোনিয়ার স্বত্বাধিকারী বিলকিস ওয়াজির দাবি করেন, তিশা নিজেই যোগাযোগ করে শাড়িটির প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। তবে তানজিন তিশা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে এসেছেন; তার দাবি ছিল, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

এই ঘটনার জেরে ২০২৫ সালের নভেম্বরে অ্যাপোনিয়ার পক্ষ থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পরে আদালত মামলাটি আমলে নিলে চলতি বছরের ১৩ আগস্ট তিশা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

২৯ সেপ্টেম্বর তার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনও মঞ্জুর হয়েছে এবং মামলাটির আইনি প্রক্রিয়া এখনো চলমান। প্রথম মামলার রেশ কাটতে না কাটতেই ৭৫ হাজার টাকা দামের আরেকটি শাড়ি নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েন তানজিন তিশা।

ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তার কাছ থেকে শাড়িটি নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা আর ফেরত দেওয়া হয়নি।

শাড়ি ফেরত চাইতে গেলে তিশার বিরুদ্ধে গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনেন সানায়া। এই ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর সানায়া চৌধুরী আদালতে মামলা করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিলেও অভিযোগে সত্যতা মেলেনি বলে উল্লেখ করা হয়। তবে বাদীপক্ষ ওই প্রতিবেদনে আপত্তি জানিয়ে নারাজি আবেদন করলে, গত ২৫ অক্টোবর আদালত আবেদন মঞ্জুর করে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেন।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে মামলার রেশ কাটতে না কাটতেই গত ২৬ অক্টোবর সানায়া চৌধুরী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা করেন।

তার অভিযোগ, আগের মামলাটি তুলে নিতে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে ভয় দেখানো হয়েছে। মামলা প্রত্যাহার না করলে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তবে এই নতুন অভিযোগটিও বর্তমানে তদন্তাধীন।

প্রথম মামলাটি নিয়ে কথা বলতে গিয়ে তিশা এর আগে জানিয়েছিলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন। তিনি মনে করেন, দীর্ঘ ১২ থেকে ১৪ বছরের অভিনয়জীবনে পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করার পর ২৭-২৮ হাজার টাকার একটি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ অযৌক্তিক।

তিনি আরও বলেছিলেন, "আমি অবশ্যই আদালতে যাব। আমারও ইচ্ছা হয়েছিল আমার সঙ্গে কী ঘটেছে, সেটা নিয়ে কথা বলি।

কিন্তু বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই আমি প্রকাশ্যে বিস্তারিত কিছু বলিনি।" শাড়ি নিয়ে একের পর এক আইনি জটিলতার মধ্যে তানজিন তিশার অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ও অনিশ্চয়তায় পড়েছে। শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক হওয়ার কথা ছিল।

এই ছবিতে অভিনয়ের জন্য তিনি কলকাতার একটি সিনেমা থেকেও সরে দাঁড়িয়েছিলেন। ২০২৫ সালের অক্টোবরে ‘সোলজার’-এর শুটিং শুরু হলেও এখনো ছবিটির কাজ শেষ হয়নি, এমনকি ৯ দিনের শুটিং বাকি রয়েছে বলে সিনেমা-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

কয়েক দফা পরিকল্পনা করেও শুটিং শুরু করা যায়নি, এর পেছনে শিল্পী ও কলাকুশলীদের বকেয়া সম্মানী এবং খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের পাওনা না মেটানোর বিষয়টি আলোচনায় এসেছে। যদিও নির্বাহী প্রযোজক মৌমিতা হোসাইন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

ছবিটি প্রথমে ২০২৫ সালের ডিসেম্বরে এবং পরে ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তির সম্ভাবনার কথা জানানো হলেও, বছরের শেষ প্রান্তে এসেও শুটিংয়ের বাকি কাজ কবে শেষ হবে তা নিশ্চিত নয়। ফলে তিশার ঢালিউড অভিষেকও অনিশ্চিত হয়ে পড়েছে।