Sat 8th Aug 2026, 12:02 pm

গ্রিসের উপকূলে ব্যাপক উদ্ধার অভিযান: অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের উপকূলে ব্যাপক উদ্ধার অভিযান: অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার
গ্রিসের ক্রিট দ্বীপের নিকটবর্তী জলসীমায় গত ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালিত একাধিক উদ্ধার অভিযানে ২০২ জন অভিবাসীকে নিরাপদে তীরে আনা হয়েছে। নৌকায় করে লিবিয়ার উপকূল থেকে ইউরোপের দিকে যাত্রা করা এই অভিবাসীদের মধ্যে বাংলাদেশি, সুদানি এবং মিসরের নাগরিকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মিডল ইস্ট মনিটর, গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়াকে উদ্ধৃত করে জানিয়েছে যে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়েরাপেত্রা (Ierapetra) এলাকায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান প্রায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার অবস্থান শনাক্ত করে।

তাৎক্ষণিক তথ্যের ভিত্তিতে গ্রিক কোস্ট গার্ড এবং একটি মাছ ধরার নৌকা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার অভিযান শুরু করে। নৌকায় থাকা ৪০ জন অভিবাসীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের পরিচয় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়।

এর কয়েক ঘণ্টা পূর্বেও আরও দুটি পৃথক নৌকা থেকে মোট ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। প্রথম নৌকাটিতে থাকা ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদান এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।

দ্বিতীয় নৌকাটিতেও ৫৬ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক। সর্বশেষ উদ্ধার হওয়া ৪০ জনকে যুক্ত করে গত ৪৮ ঘণ্টারও কম সময়ে উদ্ধারকৃত মোট অভিবাসীর সংখ্যা ২০২-এ দাঁড়িয়েছে।

উদ্ধারকৃতদের বর্তমানে হেরাক্লিয়ন (Heraklion) বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। ক্রিট দ্বীপে সাম্প্রতিক সময়ে অভিবাসীদের আগমনের হার বৃদ্ধি পাওয়ায় তাদের সাময়িক আশ্রয় এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ ক্রমবর্ধমান।

লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের জন্য ক্রিট বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত হচ্ছে। ফলস্বরূপ, গ্রিক কর্তৃপক্ষকে দ্বীপটির উপকূলে প্রায়শই উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে।