Sun 23rd Aug 2026, 5:11 am

গোপনীয়তা লঙ্ঘনের মামলায় পরাজয়: প্রিন্স হ্যারিসহ ৭ তারকাকে গুনতে হতে পারে ৫৭৫ কোটি টাকা

গোপনীয়তা লঙ্ঘনের মামলায় পরাজয়: প্রিন্স হ্যারিসহ ৭ তারকাকে গুনতে হতে পারে ৫৭৫ কোটি টাকা
ডেইলি মেইলের বিরুদ্ধে দায়ের করা গোপনীয়তা লঙ্ঘনের একটি মামলায় হেরে গিয়ে প্রিন্স হ্যারিসহ সাতজন তারকাকে এখন বিপুল অঙ্কের আইনি খরচ পরিশোধের মুখোমুখি হতে হচ্ছে। মামলার রায়ের পর প্রতিপক্ষের আইনি খরচ বাবদ তাঁদের সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পরিশোধ করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় (১ পাউন্ড সমান ১৬৬ টাকা হিসাবে) এর পরিমাণ ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি।

গতকাল, শুক্রবার, যুক্তরাজ্যের হাইকোর্টের একজন বিচারপতি এই মামলার আইনি ব্যয় সংক্রান্ত একটি ব্যতিক্রমী আদেশ দেন। সাত বাদীর মধ্যে গায়ক এলটন জন এবং অভিনেত্রী লিজ হার্লিও রয়েছেন। তাঁদের আগামী শুক্রবারের মধ্যে প্রাথমিকভাবে ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে (এএনএল) ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।

এটি এমন একটি বিরল ঘটনা যেখানে বাদীদের সম্মত হওয়া খরচের চেয়ে অনেক বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে। বিচারপতি রায়ে বাদীদের দাবি উপস্থাপনের পদ্ধতির তীব্র সমালোচনা করে এটিকে ‘অত্যন্ত মাত্রায় অযৌক্তিক’ বলে মন্তব্য করেন।

গত ৭ জুলাই, বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ সংক্রান্ত বাদীদের দাবিগুলো খারিজ করে দিয়েছিলেন। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড (এএনএল) অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছিল।

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং অন্য ছয়জন বাদীকে আপিল করার জন্য আদালত আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন।

অন্য বাদীরা হলেন গায়ক এলটন জন ও তাঁর স্বামী ডেভিড ফার্নিশ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি।

মামলায় হারলে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের আইনি খরচ বাবদ সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ পাউন্ড পর্যন্ত পরিশোধের জন্য তাঁদের বিমা করা ছিল। কিন্তু অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড দাবি করেছে যে তাদের নিজেদের মামলা লড়তে ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হয়েছে। শুক্রবারের রায়ের ফলে তারা এই পুরো অর্থ আদায়ের চেষ্টা করতে পারে।

এর অর্থ হলো, প্রিন্স হ্যারি ও অন্যদের পকেট থেকে বিমার ওই অর্থের বাইরেও প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ডের একটি অতিরিক্ত বিল গুনতে হতে পারে।

বিচারপতি বলেন, ‘৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি আইনি খরচের দাবি আমার কাছে আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। এতে যুক্তিসংগতভাবেই প্রশ্ন ওঠে, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে অর্থ এখন দাবি করছে, তার সবটুকু খরচ সত্যিই যুক্তিসংগতভাবে হয়েছে কি না এবং দাবিকৃত অর্থের পরিমাণও যুক্তিসঙ্গত কি না।’

তবে বিচারপতি এ-ও স্পষ্ট করে দেন যে, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে পরিমাণ আইনি খরচ আদায় করতে পারবে, তার ওপর তিনি কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এমন সীমা নির্ধারণ করলে তা ‘অতিরিক্ত সাধারণীকরণ’ হয়ে যেত, অন্যায়ের ঝুঁকি থাকত এবং সেই সিদ্ধান্তকে ‘খেয়ালখুশিমতো নেওয়া’ বলে সমালোচনা করার সুযোগ তৈরি হতো।