Tue 25th Aug 2026, 11:36 am

চলমান বিতর্কের আবহে ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনলেন কৃতি শ্যানন

চলমান বিতর্কের আবহে ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে আনলেন কৃতি শ্যানন
সাম্প্রতিককালে একটি বিজ্ঞাপনচিত্রে পোশাক নির্বাচনের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। তবে এসব বিতর্কের প্রতি উদাসীন থেকে তিনি এবার তার ব্যক্তিগত জীবনের একটি বিশেষ মুহূর্ত জনসমক্ষে এনেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কৃতি শ্যানন ও কবীর বাহিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন থাকলেও, অভিনেত্রী নিজে এ বিষয়ে কখনো প্রকাশ্যে মুখ খোলেননি।
সম্প্রতি ইনস্টাগ্রামে কবীর বাহিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন কৃতি।
ইনস্টাগ্রামের ওই পোস্টটিতে অবশ্য একাধিক ছবি রয়েছে, যার মধ্যে কিছু ছবিতে কৃতি একা, আবার কিছুতে তার বোন নুপুর শ্যাননের সঙ্গে দেখা যাচ্ছে। একটি ছবিতে কবীরও রয়েছেন। ধারণা করা হচ্ছে, অবকাশ যাপনে তোলা এই ছবিগুলি।
পোস্টের ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘কিছু স্মৃতি ক্যামেরাবন্দী করলাম; আর অনেক মুহূর্ত বেঁচে নিলাম’— যা তার বর্তমান মানসিকতার ইঙ্গিত দেয়।
এই পোস্টের মধ্য দিয়ে কৃতি যেন পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন যে, সামাজিক মাধ্যমের সমালোচনা ও বিতর্ক তাকে বিচলিত করতে পারেনি। বরং তিনি নিজের মতো করে জীবন উপভোগ করতেই ব্যস্ত।
উল্লেখ্য, এর আগে একটি গহনার বিজ্ঞাপনচিত্রে আইভরি রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজ, কেপের মতো শ্রাগ এবং ড্র্যাপ করা স্কার্ট পরে সমালোচনার মুখে পড়েছিলেন কৃতি। যদিও বিজ্ঞাপনচিত্রটি উৎসবকে আধুনিক আঙ্গিকে উপস্থাপনের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল, সাধারণ দর্শক তা স্বাভাবিকভাবে গ্রহণ করেননি।
এদিকে, ১৪ আগস্ট ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কৃতি অভিনীত চলচ্চিত্র ‘ককটেল ২’। এই সিনেমাটিও ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। অধিকাংশ দর্শক এর বিষয়বস্তুকে ‘সময় অপচয়’ বলে আখ্যায়িত করছেন। এতে কৃতির সহ-অভিনেতা হিসেবে রয়েছেন শহিদ কাপুর ও রাশমিকা মানদানা।