Wed 2nd Sep 2026, 11:19 am

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দাম বাড়ল

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, তেলের দাম বাড়ল
ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। আজ বুধবার দিনের শুরুতে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। সংঘাত বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত কমার আশা আরও ফিকে হয়ে গেছে। সেই সঙ্গে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা বেড়েছে।

আজ গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৮ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৮ মিনিট) ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৫২ ডলারে উঠেছে। যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২ ডলারে উঠেছে।

গতকাল মঙ্গলবারও এ দুই অপরিশোধিত তেলের দাম ৪ ডলারের বেশি বেড়েছে। সেদিন ব্রেন্টের দাম ২৪ জুলাইয়ের পর ও ডব্লিউটিআইয়ের দাম ২৩ জুলাইয়ের পর সবচেয়ে বেশি বেড়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, গতকাল রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানও হামলা চালায়। ফলে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে তারা।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার বিষয়ে তথ্য জানিয়েছে। কমান্ড বলেছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও ওই অঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সম্প্রতি হামলার চেষ্টা করেছিল। এর পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও সীমিত হয়ে পড়বে। সংঘাত শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের পাঁচ ভাগের প্রায় এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। বর্তমানে ইরান কার্যত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রণালিটি বন্ধ করে দিয়েছে।

আইআরজিসির আরও দাবি, তারা জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের এক মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঢুকে পড়েছিল। তবে এর মধ্যে ১০টি তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলায় এখন পর্যন্ত মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কুয়েতও জানিয়েছে, তাদের সামরিক বাহিনী ড্রোন হামলার বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলার আগে গত সপ্তাহের শেষে দুই পক্ষের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছিল। জুলাইয়ের পর সেটিই ছিল প্রথম বড় ধরনের সংঘর্ষ। এর মধ্যে গত সোমবার হরমুজ প্রণালি ছেড়ে যাওয়া তেলবাহী দুটি জাহাজে হামলা হয়। এতে তেল সরবরাহ আরও ব্যাহত হয়েছে। ব্যবসায়ীরা বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা করছেন।

এদিকে গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ২৬ লাখ ব্যারেল কমেছে। একই সময়ে ডিজেল, হিটিং অয়েলসহ ডিস্টিলেট জ্বালানির মজুত কমেছে ২ লাখ ৬৫ হাজার ব্যারেল। বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য উদ্ধৃত করে এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ।