Sun 19th Jul 2026, 4:29 am

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার তীব্র ভূমিকম্প: জারি হলো সুনামি সতর্কতা

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার তীব্র ভূমিকম্প: জারি হলো সুনামি সতর্কতা
শুক্রবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের উপকূলে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই তীব্র ভূকম্পনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় পার্শ্ববর্তী গুয়াতেমালা এবং এল সালভাদরের বিভিন্ন ভবন ও স্থাপনাও কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোনো দেশ থেকেই বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১৫.২ কিলোমিটার গভীরে। সংস্থাটি প্রাথমিকভাবে ৭.৪ মাত্রার ভূমিকম্প এবং ১০ কিলোমিটার গভীরতার কথা জানালেও, পরবর্তীতে তথ্য সংশোধন করে নতুন এই হিসাব প্রকাশ করে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি ঢেউ আছড়ে পড়তে পারে। তারা সতর্ক করে বলেছে যে, মেক্সিকো ও গুয়াতেমালার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হতে পারে।

তবে মেক্সিকোর নৌবাহিনী প্রধান রায়মুন্দো মোরালেস আশ্বস্ত করেছেন যে, সমুদ্রের পানির উচ্চতা আধা মিটারের বেশি বাড়ার সম্ভাবনা নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি জনসাধারণকে আপাতত সমুদ্রসৈকত থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। একটি নিয়মিত সরকারি সংবাদ সম্মেলনে মোরালেস বলেন, 'আপাতত বড় কোনো সমস্যা বা সামুদ্রিক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই। ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির কারণে কিছু সমুদ্রসৈকতে পানির উচ্চতা বড়জোর আধা মিটার পর্যন্ত বাড়তে পারে।'

মূল ভূমিকম্পের পর মেক্সিকো, গুয়াতেমালা ও এল সালভাদরে বেশ কয়েকটি মৃদু ও মাঝারি মাত্রার পরাঘাত অনুভূত হয়েছে। এগুলোর কয়েকটির তীব্রতা রিখটার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার মধ্যে ছিল বলে জানা গেছে।