Wed 16th Sep 2026, 7:49 pm

সাকিবের আফসোস

সাকিবের আফসোস

শনিবার রাতে প্রেমাদাসায় টি-টোয়েন্টিতে সবচেয়ে গৌরবময় জয় অর্জন করে বাংলাদেশ। ২১৫ রানের পাহাড় টপকে জয়ের এমন দিনে পাশে নেই দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের ইতিহাস গড়ার এই জয়ে একসঙ্গে উদযাপন করতে না পারায় আক্ষেপে পুড়ছেন এই তারকা।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোটে পড়ে এখনো জাতীয় দলে ফিরতে পারেনি এই তারকা। নিদহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের আগে সতীর্থদের সমার্থন যোগাতে শ্রীলঙ্কায় যান নিয়মিত অধিনায়ক সাকিব। সেখান থেকে আঙ্গুলের চোটের চিকিৎসার জন্য তাকে চলে যেতে হয় অস্ট্রেলিয়াতে।

অস্ট্রেলিয়া যাওয়ার দুই দিন পর দলে এমন দুর্দান্ত জয় দেখতে হলো দূর থেকেই বসে। তাতে আফসোস পোড়াচ্ছে এই বাঁহাতি অলরাউন্ডারকে। বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ায় দলকে শুভ কামনা জানান সাকিব।

নিজের আক্ষেপে এবং দলকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেন,‘অভিনন্দন আমার টিমকে এই রেকর্ড গড়া স্কোর তাড়া করার জন্য। আগামী ম্যাচগুলোর জন্য রইলো অনেক অনেক শুভ কামনা। একসাথে সেলিব্রেট করার মুহূর্তটুকু খুব মিস করছি। যাই হোক, বিশাল এই জয় আগামী দিনগুলোতে আমাদের উৎসাহ যোগাবে।’