Sun 12th Jul 2026, 12:26 am

‘রাষ্ট্র কি আমার সম্মান ফিরিয়ে দেবে?’ চার বছর পর নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা পরীমনি

‘রাষ্ট্র কি আমার সম্মান ফিরিয়ে দেবে?’ চার বছর পর নীরবতা ভাঙলেন চিত্রনায়িকা পরীমনি
চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাঁকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনার জেরে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সাথে রাষ্ট্রের কাছে তাঁর প্রশ্ন, হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি এবং জীবনের অমূল্য সময়গুলো কি আদৌ ফিরিয়ে দেওয়া সম্ভব?

শুক্রবার গভীর রাতে নিজের ফেসবুক পেজে এক বিস্তারিত স্ট্যাটাসে পরীমনি এসব কথা তুলে ধরেন। সম্প্রতি একটি অনলাইন টক শোতে র‍্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম যে তথ্য প্রকাশ করেছেন, তার জন্য তিনি তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। খাইরুল ইসলাম স্বীকার করেছেন যে, বনানীর বাসভবনে দীর্ঘ অভিযানের পর তৎকালীন র‍্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের নির্দেশেই পরীমনিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এই তথ্যের মাধ্যমে দেশের সাধারণ মানুষ প্রকৃত ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন বলে পরীমনি উল্লেখ করেন।

পরীমনি তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার জীবনের এই অধ্যায়টি একজন শিল্পী হিসেবে, একজন নারী হিসেবে এবং একজন মানুষ হিসেবে আমাকে গভীরভাবে আঘাত করেছে। এই ঘটনার কারণে আমার ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবন—সবকিছুই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘পরবর্তীকালে মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়। সেই সময়ের নিদারুণ অভিজ্ঞতা আমার জীবনকে কতটা বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্ত করেছে, তা একমাত্র আল্লাহ এবং আমি ছাড়া আর কারও পক্ষে সম্পূর্ণরূপে অনুধাবন করা সম্ভব নয়।’

এই গ্রেপ্তারের পর থেকে আজ পর্যন্ত নিজেকে একজন ভুক্তভোগী হিসেবেই আখ্যা দিয়েছেন পরীমনি। তাঁর ভাষ্যমতে, ‘যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।’

রাষ্ট্রের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?’

তবে পরীমনি প্রতিশোধ নয়, বরং সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে চান বলে জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমানও করতে চাই না। আমি শুধু চাই, ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এ ধরনের অন্যায়ের শিকার না হন।’ স্ট্যাটাসের শেষ দিকে তিনি তাঁর কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরীমনি লেখেন, ‘আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার এবং আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।’

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসা থেকে অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরবর্তীতে র‍্যাব-১ এর কর্মকর্তা মো. মজিবর রহমান বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, পরীমনির বাসা থেকে বিদেশি মদ, চার গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) এবং একটি এলএসডি ব্লট উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

অপরদিকে, ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। তদন্ত শেষে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর পুলিশ নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবীর তথ্য অনুযায়ী, মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। একই ঘটনার সূত্রে ২০২২ সালের ১৮ জুলাই পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তাঁর অভিযোগ, বোট ক্লাবে অ্যালকোহল বিনা মূল্যে দিতে অস্বীকৃতি জানালে পরীমনি তাঁকে গালমন্দ করেন এবং গ্লাস ছুড়ে মারেন। এই মামলাটিও বিচারাধীন রয়েছে।