Fri 7th Aug 2026, 5:13 am

আমার ডানা বেড়ে গেল, বললেন পরীমনি

আমার ডানা বেড়ে গেল, বললেন পরীমনি
গত বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। জন্মের এক দিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের পুরো নামসহ ছবিও প্রকাশ করেন পরী-রাজ দম্পতি। এই তারকা দম্পতি তাদের প্রথম সন্তানের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।রাজ-পরীমনির সন্তান ‘রাজ্যে’র বয়স তিন দিন। ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় সাত দিনের পরিচয় ও প্রেমের পর বিয়ে হয় রাজ-পরীর।
রাজ জানালেন, পরীমনি সারাক্ষণ বাচ্চাকে আগলে রেখেছে। এক সেকেন্ডও চোখের আড়াল হতে দিচ্ছে না। এই অভিনেতা বলেন, ‘গত নয়-দশ মাস পরীমনি অনেক কষ্ট করেছে, অনেক ধৈর্য ধরেছে। আমার শুটিং, আমার সিনেমা মুক্তি—সব ম্যানেজ করেও আমি এত দিন তাঁর কষ্ট ভাগাভাগি করতে ছায়ার মতো পাশে থাকার চেষ্টা করেছি। পরী এখন তাঁর নিজের মতো করে সন্তানের সঙ্গে সময় সেলিব্রেট করছে।’
সন্তান জন্মের পর স্বামী রাজের সঙ্গে প্রথম কী কথা হয়েছিল পরীর?—জানতে চাইলে রাজ বলেন, ‘হাসিমাখা মুখে আমাকে তাঁর প্রথম কথা ছিল, ‘‘এত দিনের জার্নি শেষ হলো। আমি এখন একজন গর্বিত মা। আমার ডানা বেড়ে গেল। এখন আরও ভালোভাবে আকাশে উড়তে পারব।’ ওই সময় আমি অনেকটাই আবেগময় হয়ে পড়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘পরীমনি মাঝেমধ্যে বলছে, তার নাকি এখনো বিশ্বাস হচ্ছে না, তার সন্তান পৃথিবীতে এসেছে। সে একজন মা হয়েছে। বাচ্চা ও মা পাশাপাশি শুয়ে থাকার এত সুন্দর দৃশ্য দেখে মাঝেমধ্যে তার মনে হয় স্বপ্ন দেখছে।’
এদিকে একদিকে সিনেমার সাফল্য, অন্যদিকে সন্তানের বাবা হওয়ার আনন্দে রাজ উৎফুল্ল। বলেন, ‘আমি তো খুশির ঠেলায় তিন দিন ধরে ঠিকমতো ঘুমাতেই পারছি না। ঘুম হচ্ছে না আমার। সারাক্ষণ সন্তানের কথা মাথায় খেলা করছে। বাচ্চা হওয়ার পরপর সেই (অপারেশন থিয়েটার) ওটি থেকে শুরু করে এখনো পর্যন্ত সন্তান ও পরীর সঙ্গেই আছি।’
কয়েক দিনের মধ্যেই পরী ও সন্তানকে বাসায় নেওয়ার কথা জানালেন রাজ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ ও পরীমনি। তাদের বিয়ের সংবাদটি প্রকাশ্যে আসে চলতি বছরের ১০ জানুয়ারি। সেদিন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরও জনসম্মুখে প্রকাশ করেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।