Wed 19th Aug 2026, 2:17 am

পরকীয়ার জেরে স্বামী খুন : স্ত্রীর ‘বন্ধু’কে মৃত্যুদণ্ড

পরকীয়ার জেরে স্বামী খুন : স্ত্রীর ‘বন্ধু’কে মৃত্যুদণ্ড
ঢাকার জেলার আশুলিয়ায় চার বছর আগে ইলিম সরকার নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী মোছা.সুলতানা আক্তার কেমিলিকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর প্রেমিক রবিউল করিম পিন্টুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মাসুদ করিম আজ রোববার এই রায় দেন। । বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. বিল্লাল হোসেন।
পিন্টুর বন্ধু সাইফুল ইসলাম ওরফে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ইলিম সরকারের স্ত্রী সুলতানা আক্তার পিন্টুর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।ইলিম সরকার তা জেনে যান। পরে সুলতানা আক্তারের পরিকল্পনায় ২০২১ সালের ২৮ মার্চ রাতে পিন্টু ও ইউসুফ আশুলিয়ার কাঠগড়ার সরকারবাড়িতে ইলিম সরকারকে ছুরিকাঘাতে হত্যা করেন। ওই দিনই ভুক্তভোগীর বাবা আশুলিয়া থানায় মামলা করেন।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৮ মার্চ আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি বাসায় ইলিম সরকারকে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁর স্ত্রী সুলতানা আক্তার ও তাঁর পূর্বপরিচিত রবিউল করিমের বিরুদ্ধে ২০২২ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।