Thu 1st Oct 2026, 12:00 pm

স্ত্রীর প্রয়াণের পরদিনই হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

স্ত্রীর প্রয়াণের পরদিনই হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর প্রয়াণের মাত্র একদিন পরই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়। মাহাথিরের সহকারী সুফি ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। এর আগে, সোমবার (২৮ সেপ্টেম্বর) ১০০ বছর বয়সে মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুফি ইউসুফ জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে মাহাথির পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি। মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, দুই মেয়াদে দুই দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির নেতৃত্ব দিয়েছেন মাহাথির মোহাম্মদ। প্রাক্তন এই প্রধানমন্ত্রীর হৃদরোগের ইতিহাস রয়েছে এবং অতীতে তার হৃদযন্ত্রে একাধিকবার অস্ত্রোপচারও করা হয়েছে। গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে কোমর ভেঙে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।