Sun 19th Jul 2026, 7:32 pm

আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬: সহস্রাধিক দৌড়বিদের পদচারণায় মুখরিত হাতিরঝিল

আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬: সহস্রাধিক দৌড়বিদের পদচারণায় মুখরিত হাতিরঝিল
ভোরের স্নিগ্ধ আলো তখনও পুরোপুরি ফোটেনি, কিন্তু রাজধানীর মনোমুগ্ধকর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এর মধ্যেই দৌড়বিদদের উচ্ছ্বাসপূর্ণ পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল। নানা রঙের জার্সিতে সজ্জিত প্রতিযোগীরা শেষ মুহূর্তের স্ট্রেচিংয়ে ব্যস্ত ছিলেন, প্রতিটি মুখে ছিল প্রতীক্ষার ছাপ। স্টার্টিং হর্ন বেজে উঠতেই একে একে বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারীরা ঢাকা শহরের অন্যতম নান্দনিক সড়ক ধরে ছুটে চললেন। দৌড়বিদ, স্বেচ্ছাসেবক ও বিপুল সংখ্যক দর্শকের প্রাণবন্ত উচ্ছ্বাসে শুক্রবার ভোরে হাতিরঝিল যেন পরিণত হয়েছিল এক সত্যিকারের দৌড়ের মহোৎসবে।

এমনই এক উৎসবমুখর পরিবেশে সফলভাবে আয়োজিত হলো ‘আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬’। গত ১৭ জুলাই, ট্রায়াথলন ড্রিমার্স কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মতো এই ইভেন্টে দেশ-বিদেশ থেকে সহস্রাধিক দৌড়বিদ অংশ নেন।

‘রান দ্য সিটি, সেলিব্রেট দ্য কালচার’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই বিশাল দৌড় প্রতিযোগিতায় হাফ ম্যারাথনের (২১.১ কিলোমিটার) পাশাপাশি ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দৌড়ের বিভাগ ছিল। নতুন ও অভিজ্ঞ—সব ধরনের দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

আয়োজক সংস্থা ট্রায়াথলন ড্রিমার্স নিশ্চিত করেছে যে, আয়োজনের সকল দৌড় বিভাগই এআইএমএস (অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেস) কর্তৃক স্বীকৃত। এছাড়াও, পেশাদার টাইমিং সিস্টেম, সুসংগঠিত মেডিক্যাল সাপোর্ট, পর্যাপ্ত হাইড্রেশন স্টেশন, কঠোর নিরাপত্তাব্যবস্থা এবং শতাধিক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকের সমন্বয়ে এই আয়োজনটি নির্বিঘ্নে সম্পন্ন হয়।

প্রতিটি বিভাগেই নারী ও পুরুষ দৌড়বিদদের মধ্যে সেরা নির্বাচন করে প্রাইজমানি প্রদান করা হয়। হাফ ম্যারাথন পুরুষ বিভাগে ১ ঘণ্টা ১৮ মিনিট ১৬ সেকেন্ড (গান টাইম) সময় নিয়ে চ্যাম্পিয়ন হন আশরাফুল আলম। নারী বিভাগে ১ ঘণ্টা ৪৯ মিনিট ৫৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন হামিদা জেবা। ২১.১ কিলোমিটারের ৪০ বছর বা তার বেশি বয়সী পুরুষ বিভাগে ১ ঘণ্টা ৫১ মিনিট ১৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন এ কে এম গোলাম কিবরিয়া। এই একই বয়সী নারী বিভাগে ফাতেমা আঞ্জুম হাসান ২ ঘণ্টা ৩২ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে শীর্ষ স্থান অর্জন করেন।

১৫ কিলোমিটার বিভাগে পুরুষদের মধ্যে পলাশ শেখ ৫৩ মিনিট ১৯ সেকেন্ড সময় নিয়ে এবং নারী বিভাগে সায়তো রোখিত ১ ঘণ্টা ২৮ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন।

৭.৫ কিলোমিটার বিভাগে পুরুষদের মধ্যে মুহিবুর রহমান রাহি ২৮ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন। নারী বিভাগে রানি টিকাদার ৪৫ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

শিশুদের জন্য আয়োজিত এক কিলোমিটার কিডস রানে আতিক আল মামুন ৪ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করে তার দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি, প্রাইজমানি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দৌড় পরিচালক মো. আল-আমিন তার বক্তব্যে বলেন, "এটি শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের রানিং সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বলিষ্ঠ পদক্ষেপ। এবারের সফল আয়োজন আবারও প্রমাণ করেছে যে, আন্তর্জাতিক মানের রোড রানিং ইভেন্ট সফলভাবে আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে।"