Fri 7th Aug 2026, 4:39 am

এক মা একসঙ্গে ৭ সন্তান প্রসব!

এক মা একসঙ্গে ৭ সন্তান প্রসব!

ইরাকের দিয়ালা প্রদেশে এক মা একইসঙ্গে ৭ সন্তানের জন্ম দিয়েছেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে ২৫ বছর বয়সী এই মাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি।তিনি এই ৭ সন্তানের জন্ম দিয়েছেন প্রাকৃতিক উপায়ে।শিশুদের মধ্য ছয়টি মেয়ে এবং একটি ছেলে। একসঙ্গে সাত শিশুর জন্ম দিয়ে ইতিহাস গড়লেন ওই নারী।

জানা গেছে, একই সঙ্গে পৃথিবীর আলো দেখা এই নবজাতকেরা ও মা সুস্থ রয়েছে। ধারণা করা হচ্ছে ইরাকে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। তবে মায়ের পরিচয় প্রকাশ করা হয়নি।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল আজ্জাবী এক বিবৃতিতে বলেছেন, নবজাতক ও মা সুস্থ আছেন। তবে মায়ের নাম প্রকাশ থেকে বিরত থাকতে চান তারা।

শিশুদের বাবা ইউসুফ ফেদেল স্থানীয় আন্নাহার পত্রিকাকে বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। খোদার উপহার আমরা সানন্দে গ্রহণ করেছি।’

তবে কবে ওই মা একসঙ্গে সাত শিশুর জন্ম দিয়েছেন, তা জানা যায়নি।

ওই প্রদেশের স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র ফিরাজ আল ইজ্জাবী গণমাধ্যমকে বলেন, সাত শিশুরই মেডিকেল পরীক্ষা করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকদের ছবি ছড়িয়ে পড়েছে। ছোট ছোট বাচ্চা পাশাপাশি বিছানায় শুয়ে আছে। নেটিজেনরা সবাই তাদের সুখী ও স্বচ্ছন্দ জীবনের আশায় শুভেচ্ছা জানিয়েছেন।