ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের দৌড়ে গাদি আইজেনকোট এগিয়ে, নেতানিয়াহু পিছিয়ে

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের দৌড়ে গাদি আইজেনকোট এগিয়ে, নেতানিয়াহু পিছিয়ে
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের লড়াইয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন গাদি আইজেনকোট। ধারণা করা হচ্ছে, দেশটির আরব নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট এবং রাআম পার্টি আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার পক্ষে সমর্থন দেবে।

একটি হিব্রু ভাষার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়েন্ট লিস্টের একজন জ্যেষ্ঠ নেতা রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলোচনার সময় আরব দলগুলো আইজেনকোটের প্রতি তাদের সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছে।

আগামী বুধবার (৪ নভেম্বর) প্রেসিডেন্ট কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক নির্বাচনের ফলাফল গ্রহণ করবেন। এরপর তিনি তার বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।

রোববার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সরকার গঠনে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, আলোচনায় কোনো পক্ষ কঠোর অবস্থানে অনড় থাকলে দেশটি আবারও নির্বাচনের মুখোমুখি হতে পারে।

হারজগ জোর দিয়ে বলেছেন, রাজনৈতিক নেতাদের উদার মনোভাব নিয়ে আলোচনায় বসতে হবে, পরস্পরের বক্তব্য শুনতে হবে এবং নতুন নির্বাচন এড়াতে বাস্তবসম্মত ও সৃজনশীল সমাধান খুঁজে বের করতে হবে। ইসরায়েলের গণমাধ্যম সূত্রে রোববার জানা গেছে, প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ প্রক্রিয়া বুধবার শুরু হতে পারে।

তবে এটি বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার পর্যন্তও চলতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি আইন অনুযায়ী, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে প্রেসিডেন্টকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে হবে।

এরপর তিনি সরকার গঠনের দায়িত্ব দেওয়ার জন্য একজন নেতাকে মনোনীত করবেন। সাধারণত, যিনি পার্লামেন্টের সদস্যদের কাছ থেকে সর্বাধিক সমর্থন বা সুপারিশ পান, তাকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।

বর্তমান রাজনৈতিক সমীকরণে গাদি আইজেনকোট এই দৌঁড়ে বেশ এগিয়ে আছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, আরব দলগুলোর সমর্থন পেলে তার পক্ষে প্রায় ৬০ জন আইনপ্রণেতার সুপারিশ থাকতে পারে।

এছাড়া, যদি চেঞ্জ ব্লকের শরিক ইসরাইল বেইতেনু দলও তাকে সমর্থন জানায়, তবে এই সংখ্যা ৬৭-তে পৌঁছাতে পারে। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে লিকুদ, ওতজমা ইহুদিত, শাস এবং রিলিজিয়াস জায়োনিজম পার্টি থেকে মোট ৪৬টি সুপারিশ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউনাইটেড তোরাহ জুডাইজম দলের সাতটি আসনের সমর্থন কোন দিকে যাবে, তা এখনো পরিষ্কার নয়। দলটি রাজনৈতিক আলোচনা শেষ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থান নিরপেক্ষ রাখতে পারে।

তবে, প্রেসিডেন্টের কাছে সর্বোচ্চ সংখ্যক সুপারিশ পাওয়াই সরকার গঠনের চূড়ান্ত নিশ্চয়তা দেয় না। দায়িত্বপ্রাপ্ত নেতাকে পরবর্তীতে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা করে একটি কার্যকর জোট সরকার গঠন করতে হবে।

একই সাথে, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাও তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে।