Tue 18th Aug 2026, 5:32 pm

ঘরে বসে তৈরি করুন মুখরোচক ও ঝাল রামেন: একটি সহজ রেসিপি

ঘরে বসে তৈরি করুন মুখরোচক ও ঝাল রামেন: একটি সহজ রেসিপি
দিন বা রাতের যেকোনো সময় হালকা কিন্তু তৃপ্তিদায়ক খাবারের জন্য রামেন একটি চমৎকার পছন্দ। আকস্মিক ক্ষুধার নিবৃত্তিতেও এটি একটি কার্যকর উপায়। রন্ধনশিল্পী আফসানা মিমি’র দেওয়া এই রেসিপিতে জেনে নিন কীভাবে ঘরে বসেই তৈরি করবেন মজাদার ও ঝাল রামেন।

প্রয়োজনীয় উপকরণ:
১ প্যাকেট রামেন নুডলস
১ কাপ মুরগির মাংস (ছোট টুকরো করা)
১টি ডিম
আধা কাপ পেঁয়াজ (কুচি)
১ চা চামচ রসুন (কুচি)
১ চা চামচ আদা (কুচি)
আধা কাপ মাশরুম (পাতলা করে কাটা)
আধা কাপ গাজর (পাতলা করে কাটা)
এক-চতুর্থাংশ কাপ ভুট্টা
পরিমাণমতো পেঁয়াজপাতা (সাজানোর জন্য)
২-৩ কাপ চিকেন স্টক অথবা পানি
১ টেবিল চামচ সয়া সস
১ টেবিল চামচ অয়েস্টার সস
১ টেবিল চামচ চিলি সস
১ চা চামচ তিলের তেল
আধা চা চামচ মরিচের ফ্লেক্স
আধা চা চামচ চিনি
স্বাদমতো লবণ
১ টেবিল চামচ রান্নার তেল
সামান্য তিল (সাজানোর জন্য)

প্রস্তুত প্রণালি:
প্রথমে মুরগির মাংস ছোট টুকরো করে সামান্য লবণ ও মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করুন। একটি প্যানে তেল গরম করে ম্যারিনেট করা মুরগির মাংস সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে সুন্দর রং ধরলে প্যান থেকে তুলে টুকরো করে পাশে রাখুন। একই প্যানে অবশিষ্ট তেলে রসুন কুচি, আদা কুচি ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে সুগন্ধ বের করুন। এরপর এতে চিকেন স্টক অথবা পানি যোগ করে ফুটিয়ে নিন। ফুটে উঠলে সয়া সস, অয়েস্টার সস, চিলি সস, তিলের তেল, মরিচের ফ্লেক্স, চিনি এবং স্বাদমতো লবণ মিশিয়ে স্যুপের মিশ্রণটি তৈরি করুন।

এবার স্যুপের মিশ্রণে মাশরুম, গাজর এবং ভুট্টা যোগ করে কয়েক মিনিট রান্না করুন। সবজিগুলো হালকা নরম হয়ে এলে রামেন নুডলস যোগ করুন। নুডলস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন, তবে অতিরিক্ত সেদ্ধ করা থেকে বিরত থাকুন। অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে একটি ডিম অর্ধসেদ্ধ করে নিন। ডিম ঠান্ডা করে মাঝখান থেকে দুই ভাগ করে নিন। নুডলস রান্না হয়ে গেলে একটি সুন্দর বাটিতে ঢেলে নিন। সবশেষে ভেজে রাখা মুরগির মাংস, অর্ধসেদ্ধ ডিম, পেঁয়াজপাতা কুচি এবং সামান্য তিল ছড়িয়ে আকর্ষণীয়ভাবে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।