Tue 27th Oct 2026, 3:02 pm
|

ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রবেশে বাধা, ব্রিটিশ এমপিদের ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ফিলিস্তিনের পশ্চিম তীরে প্রবেশে বাধা, ব্রিটিশ এমপিদের ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
যুক্তরাজ্যের লেবার পার্টির দুই সংসদ সদস্য ক্লাইভ লুইস ও লারা বার্ড অধিকৃত পশ্চিম তীরে প্রবেশে ইসরায়েলি কর্তৃপক্ষের বাধার সম্মুখীন হয়েছেন। জর্ডান থেকে পশ্চিম তীরে প্রবেশের সময় তাদের ও তাদের সফরসঙ্গীদের আটকে দেওয়া হয়।

আট ঘণ্টারও বেশি সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ ও আটক রাখা হয় বলে জানিয়েছেন এই দুই এমপি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ক্লাইভ লুইস এই তথ্য নিশ্চিত করেন।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারত্বের বিরোধিতাকারী সংগঠন ‘প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল’-এর দ্বিতীয় রামাল্লা কংগ্রেসে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। এছাড়াও, জলপাই সংগ্রহের মৌসুমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার শিকার ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তাদের।

লুইস বলেন, "আমরা কোনো অন্যায় না করা সত্ত্বেও আট ঘণ্টার বেশি সময় আমাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানাতে এবং তাদের ওপর সংঘটিত ভয়াবহ অবিচার ও সহিংসতার বিষয়টি তুলে ধরতেই আমরা সেখানে গিয়েছিলাম।" অন্যদিকে, লারা বার্ড ‘এক্স’-এ দেওয়া পোস্টে জানান, ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন ও গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে এবং নেতানিয়াহু সরকারের ওপর চাপ সৃষ্টি করতে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

বার্ড উল্লেখ করেন, "ফিলিস্তিনি জনগণের ওপর নিপীড়ন ও গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে এবং নেতানিয়াহু সরকারের ওপর চাপ প্রয়োগ করতে আমি আমার সাধ্যমতো সবকিছু করে যাব।"