লোহিত সাগরে উত্তেজনা: সৌদি বন্দরে হুথিদের দফায় দফায় হামলা

লোহিত সাগরে উত্তেজনা: সৌদি বন্দরে হুথিদের দফায় দফায় হামলা
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে হামলা জোরদার করেছে। সাম্প্রতিক সময়ে জিজান বন্দরে আক্রমণ চালানোর পাশাপাশি জেদ্দা বন্দরের আকাশে ড্রোন পাঠায় তারা।

একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট অবশ্য এসব হামলা প্রতিহত করার দাবি করেছে।

ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি হামলার জবাবে হুথিরা সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দেওয়ার পরই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয় যে, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে এতে কোনো বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটেনি। জোট আরও জানায়, হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

পরবর্তীতে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক বিবৃতিতে নিশ্চিত করেন যে, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক আহত হননি।

জোটের এই বিবৃতির পরপরই ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানায় যে, সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ধ্বংস করেছে।

এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক জেলায় একটি সুউচ্চ ভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। সেই হামলায় অন্তত ১১ জন আহত হন।

রাজধানী লক্ষ্য করে এই ধরনের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা দুই পক্ষের মধ্যে সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। ইরান-সমর্থিত হুথি ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে।

উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলায় বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। হুথি-সংশ্লিষ্ট ইয়েমেনের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে।

এর আগে বুধবার হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল যে, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতে পাল্টা আঘাত হানা হবে। ইয়েমেনের রাজধানী সানার সূত্রগুলো জানায়, ইয়েমেনে আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশই হোদেইদা বন্দরের মাধ্যমে আসে।

এই বন্দরটি বন্ধ হয়ে গেলে দেশটির মানবিক পরিস্থিতি মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে। জানা গেছে, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেনগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে বিভিন্ন রণাঙ্গনে হুথিদের তীব্র লড়াই অব্যাহত আছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বুধবার হুথিদের অবস্থান লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

তাইজের সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সরকারি বাহিনী জানিয়েছে, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

প্রায় ৭২ ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে তীব্র বিমান হামলা চলছে। তাইজের কেন্দ্রীয় অংশের ওপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর মধ্যে জাবাল সাবের পর্বতমালা এবং এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুস অন্তর্ভুক্ত। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুথিরা।

অন্যদিকে, হুথিরা দাবি করেছে যে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও ইয়েমেনের আরও ১০টি প্রদেশে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।