জুম সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার শঙ্কা

জুম সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি, দূর থেকেই কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়ার শঙ্কা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত জুম ওয়ার্কপ্লেস সফটওয়্যারে দুটি নতুন নিরাপত্তাত্রুটি শনাক্ত হয়েছে, যার মধ্যে একটির ঝুঁকি অত্যন্ত গুরুতর। এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা কোনো রকম অনুমতি ছাড়াই দূর থেকে আক্রান্ত কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম।

এই উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বলতা মোকাবিলায় ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম জুম এরই মধ্যে সফটওয়্যারটির হালনাগাদ সংস্করণ প্রকাশ করেছে। শনাক্ত হওয়া প্রথম ত্রুটিটি ‘সিভিই-২০২৬-১০৮১৮৬’ নামে পরিচিত এবং সিভিএসএস (CVSS) স্কেলে এর ঝুঁকির মাত্রা ৯.৬, যা অত্যন্ত উচ্চ।

ব্যবহারকারীর দেওয়া তথ্য সফটওয়্যারটির সঠিকভাবে যাচাই না করার ফলেই এই দুর্বলতা সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে সাইবার হামলাকারীরা নেটওয়ার্ক ব্যবহার করে দূর থেকে কম্পিউটারে প্রবেশ করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, যেখানে কোনো বিশেষ অনুমতির প্রয়োজন হয় না।

দ্বিতীয় ত্রুটিটি ‘সিভিই-২০২৬-১০৮১৮৭’ নামে চিহ্নিত এবং এর ঝুঁকির মাত্রা ৮.১। সফটওয়্যারে তথ্যের উৎসের বৈধতা যাচাইয়ে দুর্বলতা থাকার কারণে এটি তৈরি হয়েছে।

এই ত্রুটিটিও একইভাবে দূর থেকে নেটওয়ার্কের মাধ্যমে কাজে লাগানো সম্ভব, যার ফলে হামলাকারীরা অনুমোদন ছাড়াই আক্রান্ত কম্পিউটারে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে পারে। জুমের তথ্য অনুযায়ী, জুম ওয়ার্কপ্লেসের ৭.১.৫ সংস্করণের আগের সব সংস্করণেই দ্বিতীয় ত্রুটিটি বিদ্যমান।

অন্যদিকে, প্রথম ত্রুটিটি ৭.১.০ থেকে শুরু করে ৭.১.৮ সংস্করণের পূর্ববর্তী সংস্করণগুলোতে শনাক্ত হয়েছে। তাই পুরোনো সংস্করণ ব্যবহারকারী সকল উইন্ডোজ ব্যবহারকারী এই নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন।

উল্লেখ্য, গত জুলাই মাসেও উইন্ডোজের জুম ওয়ার্কপ্লেসে একটি গুরুতর নিরাপত্তাত্রুটি (সিভিই-২০২৬-৫৩৪১২) সমাধান করেছিল জুম, যার ঝুঁকির মাত্রা ছিল ৯.৮। সেই ত্রুটি ব্যবহার করে অনুমোদন ছাড়াই ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল।

যদিও নতুন এই দুটি ত্রুটি ব্যবহার করে এখন পর্যন্ত কোনো সাইবার হামলার খবর জানায়নি জুম, তবুও সম্ভাব্য ঝুঁকি এড়াতে উইন্ডোজ ব্যবহারকারীদের দ্রুত জুম ওয়ার্কপ্লেসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।