Fri 7th Aug 2026, 4:51 am

ঢাকা ছাড়লেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে

ঢাকা ছাড়লেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে

চারদিনের সরকারি সফর শেষে ঢাকা ছেড়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। আজ বুধবার দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সফরকালে আঁলা বেরসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। একইদিন তিনি ধানমন্ডিতে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরদিন কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের দুর্দশা সরেজমিনে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই সুইজারল্যান্ড মানবিক সহায়তা দিয়ে আসছে।

গত রবিবার দুপুরে বাংলাদেশে এসেছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি আঁলা বেরসে। আঁলা বেরসের সফরের মধ্য দিয়ে এটাই কোনো সুইস রাষ্ট্রপতির প্রথমবারের মতো বাংলাদেশ সফর।

রবিবার দুপুরে সোয়া ১টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে সেখানে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে লাল গালিচা অভ্যর্থনাও দেওয়া হয় সুইস প্রেসিডেন্টকে।