Sun 4th Oct 2026, 4:42 am

গাজীপুরের সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট
গাজীপুর নগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত একটি সোয়েটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট নিরলসভাবে কাজ করছে।

জানা যায়, মেট্রিক্স নামের আটতলা বিশিষ্ট এই সোয়েটার কারখানাটি ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় অবস্থিত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ শনিবার বেলা তিনটার দিকে কারখানাটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের দুটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট তাদের সাথে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত করেছেন যে, কারখানার শতাধিক শ্রমিককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

আজ বিকেল পৌনে পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসেনি। গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চলছে। অগ্নিকাণ্ডের কারণ ও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।