Tue 27th Oct 2026, 3:01 pm
|

গ্রামীণফোনের মুনাফায় পতন, ৯ মাসে ব্যবসা কমেছে ১৯২ কোটি টাকা

গ্রামীণফোনের মুনাফায় পতন, ৯ মাসে ব্যবসা কমেছে ১৯২ কোটি টাকা
দেশের শীর্ষস্থানীয় টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) মুনাফায় উল্লেখযোগ্য পতন ঘটেছে। চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি ২ হাজার ১৭২ কোটি টাকা মুনাফা করেছে, যা গত বছরের একই সময়ের ২ হাজার ২৬৪ কোটি টাকার চেয়ে ৯২ কোটি টাকা বা ৪ শতাংশের বেশি কম।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে, যা গতকাল সোমবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় চূড়ান্ত করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ব্যবসার পরিমাণ কমে যাওয়ায় গ্রামীণফোনের মুনাফায় এই প্রভাব পড়েছে।

চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোন মোট ১১ হাজার ৭৫৬ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে এই আয় ছিল ১১ হাজার ৯৪৮ কোটি টাকা।

অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানির ব্যবসা ১৯২ কোটি টাকা বা দেড় শতাংশের বেশি কমেছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১১ হাজার ৭৫৬ কোটি টাকার মোট ব্যবসার বিপরীতে গ্রামীণফোনের পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৪ হাজার ১৮৮ কোটি টাকা।

গত বছর একই সময়ে যা ছিল ৪ হাজার ২৯৭ কোটি টাকা, অর্থাৎ পরিচালন মুনাফা ১০৯ কোটি টাকা হ্রাস পেয়েছে। উল্লেখ্য, পরিচালন মুনাফা থেকে কর, ব্যাংকঋণ ও সুদ বাবদ খরচ এবং বৈদেশিক মুদ্রার বিনিময়জনিত লাভ-লোকসানের হিসাব বাদ দিয়ে কর-পরবর্তী মুনাফা নির্ণয় করা হয়।

দেখা যাচ্ছে, এ বছর ব্যাংকঋণ ও সুদ পরিশোধ বাবদ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা চলতি বছরের প্রথম ৯ মাসে ৫০৬ কোটি টাকা ছুঁয়েছে, যেখানে গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৪৫৩ কোটি টাকা। আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রামীণফোন সরকারকে কর বাবদ ১ হাজার ৫০৩ কোটি টাকা পরিশোধ করেছে।

গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫১০ কোটি টাকা, অর্থাৎ এ খাতে ৭ কোটি টাকা খরচ কমেছে। ৯ মাসের সামগ্রিক হিসাবের পাশাপাশি, গতকালের সভায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদনও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।

এতে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি প্রায় ৪ হাজার ১৭ কোটি টাকার ব্যবসা করেছে, যা গত বছরের একই সময়ে ৪ হাজার ১০ কোটি টাকা ছিল। এই প্রান্তিকে গ্রামীণফোনের মুনাফা ৭৫১ কোটি টাকা অপরিবর্তিত রয়েছে।

প্রথম ছয় মাসের ব্যবসায়িক মন্দার কারণে ৯ মাসের সামগ্রিক মুনাফায় প্রভাব পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, আয় ও মুনাফা কমলেও গ্রামীণফোনের সম্পদমূল্য বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের প্রথম ৯ মাস শেষে কোম্পানির স্থায়ী ও অস্থায়ী সম্পদের বাজারমূল্য দাঁড়িয়েছে ২০ হাজার ২২ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ের ১৯ হাজার ১৩২ কোটি টাকার চেয়ে ৪৯০ কোটি টাকা বেশি।