Thu 29th Oct 2026, 5:18 am
|

পঞ্চম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করার লক্ষ্য উইন্ডিজের

পঞ্চম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করার লক্ষ্য উইন্ডিজের
বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষীণ সম্ভাবনা থাকলেও, ওয়েস্ট ইন্ডিজের সেই সুযোগ প্রায় নেই বললেই চলে। তবে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তারা বাংলাদেশে পা রেখেছে।

দলটির প্রধান লক্ষ্য হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অন্তত পঞ্চম স্থানে থেকে নিজেদের অভিযান শেষ করা। বুধবার ঢাকা টেস্টে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে এই লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানান উইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ।

তিনি দৃঢ়ভাবে বলেন যে, টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষটা তারা জয় দিয়েই রাঙাতে চান। নিজস্ব পরিকল্পনার কথা জানিয়ে চেজ বলেন, "এ বছর চার টেস্টের দুটিতে জয়, এক ড্র এবং হেরেছি একটিতে।

এই সিরিজে আমরা দুটি ম্যাচই জিততে চাই। এর ফলে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থেকে বছর শেষ করতে পারব।

আমাদের জন্য সেটা হবে দারুণ বড়দিনের উপহার।" বাংলাদেশের কন্ডিশনে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াকেই ম্যাচের ফলাফল নির্ধারণের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন রস্টন চেজ। তার মতে, "দুই দলকেই একই উইকেটে খেলতে হবে।

এখানে চার ইনিংসের খেলায় যে দল উইকেটের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে, তারাই জিতবে।" ঘোষিত স্কোয়াডের ১০ জন ক্রিকেটারের বাংলাদেশে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকা প্রসঙ্গে উইন্ডিজ অধিনায়ক জানান, "আমরা চাই তারা ভয়ডরহীনভাবে মাঠে নামুক। উইকেটে স্পিন হবে নাকি পেসাররা সুবিধা পাবে—এসব নিয়ে আগে থেকে বেশি ভাবতে চাই না।

আমরা প্রতিটি বল ধরে খেলতে চাই।" দলের ব্যাটিং পরিকল্পনা সম্পর্কে চেজ বলেন, প্রথম ইনিংসে ৩০০-এর বেশি রান করা ইতিবাচক হবে, তবে দ্বিতীয় ইনিংসেও সেই ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। তিনি বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করে আরও জানান যে, তাদের বোলিং শক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

এছাড়া, সিরিজের আগে খেলোয়াড়দের চুক্তি ও আর্থিক বিষয় নিয়ে যে আলোচনা হয়েছে, সে প্রসঙ্গে চেজ আশ্বস্ত করেন যে, দলের হয়ে প্রতিনিধিত্ব করার অঙ্গীকারে কোনো পরিবর্তন আসেনি। তিনি যোগ করেন, বাংলাদেশের বিপক্ষে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে দলের সবাই উন্মুখ হয়ে আছেন।