ল্যাপটপের আয়ু বাড়াতে কিছু জরুরি টিপস

ল্যাপটপের আয়ু বাড়াতে কিছু জরুরি টিপস
নতুন ল্যাপটপ কেনার পর এর গতি ও কার্যকারিতা মুগ্ধ করে। কিন্তু সঠিক পরিচর্যা এবং অভ্যাসের অভাবে সময়ের সাথে সাথে ল্যাপটপের কর্মক্ষমতা কমে আসে এবং তা ধীরগতিসম্পন্ন হয়ে পড়ে।

এই সমস্যা এড়াতে কিছু সহজ কৌশল অবলম্বন করা যেতে পারে। আপনার ল্যাপটপটি ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

ডিভাইসের আশেপাশে খাবার বা পানীয় রাখা থেকে বিরত থাকুন। ল্যাপটপের স্ক্রিন পরিষ্কার করতে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন এবং এয়ার ভেন্টগুলোতে জমে থাকা ধুলা ব্রাশ দিয়ে নিয়মিত পরিষ্কার করুন, যা বায়ুপ্রবাহ সচল রাখতে সাহায্য করবে।

ল্যাপটপ ব্যবহারের সময় এর সঠিক বায়ুপ্রবাহ নিশ্চিত করুন। বিছানা বা বালিশের মতো নরম স্থানে ল্যাপটপ রাখলে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয় এবং যন্ত্র অতিরিক্ত গরম হয়ে যায়।

তাই সবসময় সমতল পৃষ্ঠে বা টেবিলে ল্যাপটপ রেখে কাজ করুন। এছাড়া, ল্যাপটপ ব্যাগে রাখার আগে পুরোপুরি শাটডাউন করে রাখা উচিত।

ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘস্থায়ী করতে এর সঠিক যত্ন নিন। ল্যাপটপ সবসময় ১০০ শতাংশ চার্জে রাখা উচিত নয়, আবার ব্যাটারি পুরোপুরি শূন্য হওয়া পর্যন্ত ব্যবহার করাও ক্ষতিকর।

চার্জের মাত্রা ২০ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখলে ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকে। ল্যাপটপ বহন করার সময় অবশ্যই শক্ত ও প্যাডেড ব্যাগ ব্যবহার করুন, যা অপ্রত্যাশিত আঘাত থেকে সুরক্ষা দেবে।

ডিভাইসের ওপর কোনো ভারী বস্তু রাখা থেকে বিরত থাকুন। ল্যাপটপকে অতিরিক্ত তাপ, আর্দ্রতা এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন।

আপনার ল্যাপটপের অপারেটিং সিস্টেম (যেমন উইন্ডোজ) এবং অন্যান্য অ্যাপ্লিকেশন নিয়মিত হালনাগাদ রাখুন। সফটওয়্যার আপডেটগুলো কেবল নতুন ফিচারই যোগ করে না, বরং সিস্টেমের গতি ও নিরাপত্তা ত্রুটিগুলোও সমাধান করে।

অব্যবহৃত বা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে র‍্যাম ও স্টোরেজ খালি রাখুন। উইন্ডোজের 'স্টোরেজ সেন্স' টুলের সাহায্যে সাময়িক ফাইলগুলো নিয়মিত মুছে ফেলুন।

এছাড়া, বড় ফাইলগুলো ক্লাউড স্টোরেজ বা এক্সটার্নাল হার্ডড্রাইভে স্থানান্তরিত করলে প্রসেসরের ওপর চাপ কমে এবং ল্যাপটপ দ্রুত কাজ করে। সাইবার হামলা এবং ভাইরাস থেকে আপনার ল্যাপটপকে সুরক্ষিত রাখুন।

অচেনা বা অনির্ভরযোগ্য উৎস থেকে ফাইল ডাউনলোড করা বা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন। উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা এর বিল্ট-ইন 'মাইক্রোসফট ডিফেন্ডার' অ্যান্টিভাইরাস সক্রিয় রাখলে ডিভাইসটি সুরক্ষিত থাকবে।

দিনের পর দিন ল্যাপটপকে কেবল স্লিপ মোডে না রেখে কয়েকদিন পরপর সম্পূর্ণ রিস্টার্ট বা শাটডাউন দিন। এতে ব্যাকগ্রাউন্ডের মেমোরি পরিষ্কার হয় এবং সিস্টেম আরও ভালোভাবে কাজ করে।

একই সাথে অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন চালিয়ে প্রসেসরের ওপর অযথা চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকুন। দৈনন্দিন ব্যবহারে এই সহজ অভ্যাসগুলো মেনে চললে আপনার ল্যাপটপ দীর্ঘদিন ধরে তার সর্বোচ্চ কার্যক্ষমতা বজায় রাখতে পারবে।