Thu 30th Jul 2026, 2:53 am

ঢাকার বায়ুতে দূষণের উদ্বেগজনক ঊর্ধ্বগতি

ঢাকার বায়ুতে দূষণের উদ্বেগজনক ঊর্ধ্বগতি
রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আবারও বৃদ্ধি পেয়েছে। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। ফলে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজ বুধবার (২৯ জুলাই) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রকাশিত আইকিউএয়ারের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ১১৩ নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল পঞ্চম।

শহরের বিভিন্ন এলাকার বায়ুমান বিশ্লেষণে দেখা গেছে, কোথাও দূষণের মাত্রা সহনীয় হলেও বেশ কয়েকটি এলাকায় তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এর মধ্যে ধানমন্ডি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি। সেখানে AQI স্কোর ছিল ১৫৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর বায়ুর ইঙ্গিত দেয়।

এ ছাড়া বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, বারিধারা পার্ক রোড, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, বেজ এজওয়াটার আউটডোর, গোড়ান এবং গুলশান-২-এর রব ভবন এলাকাতেও তুলনামূলক বেশি বায়ুদূষণ রেকর্ড করা হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হলো ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা, যেখানে AQI স্কোর ১৬৭। এটি সবার জন্য অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক।

শীর্ষ পাঁচের অন্য শহরগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (AQI ১৬৫), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (AQI ১৫৩) এবং পাকিস্তানের লাহোর (AQI ১৩৯)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, AQI ৫০-এর নিচে থাকলে বাতাসকে বিশুদ্ধ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।