Wed 9th Sep 2026, 6:56 pm

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়া, ভাতের মাড় দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ

ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়া, ভাতের মাড় দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে ঝগড়ার জেরে এক গৃহবধূর শরীরে গরম ভাতের মাড় ছুড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গত রোববার দুপুরে উপজেলার চরজব্বর থানাধীন মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।

আহত ওই গৃহবধূর নাম বিবি কুলছুমা (৩০)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল রাতে নাজমা আক্তার ও আকলিমা আক্তার নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা কুলছুমার সৎ মেয়ে।

পুলিশ জানায়, কুলছুমা ওই গ্রামের বাসিন্দা আবদুল গনির দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। সম্প্রতি বাড়ির পাশে কুলছুমা শিমগাছ লাগিয়েছিলেন। রোববার ওই শিমগাছ প্রথম স্ত্রীর ছেলে মো. সাইফুলের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমার সঙ্গে সাইফুল ও তাঁর দুই বোনের বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুলের পক্ষের লোকজন কুলছুমার শরীরে গরম ভাতের মাড় ছুড়ে দেন। এতে তাঁর পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর পুলিশ বা স্থানীয় কাউকে বিষয়টি জানানো হয়নি। অভিযুক্ত ব্যক্তিরা চিকিৎসা করানোর কথা বলে প্রথমে কুলছুমাকে পাঁচ হাজার টাকা দেন। পরে ক্ষতিপূরণ বাবদ আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী টাকা না দেওয়ায় ও কুলছুমার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনার ভিডিও গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান Desi Media Pointকে বলেন, ঘটনাটি রোববার ঘটলেও বিষয়টি পুলিশকে জানানো হয়নি। খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এরপর কুলছুমার বাবা মো. জামসেদ বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাকি আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।