Fri 17th Jul 2026, 2:59 am

বান্দরবানে পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষতির চিত্র

বান্দরবানে পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষতির চিত্র
বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। বিভিন্ন স্থানে পাহাড়ধসের চিহ্ন, ক্ষতিগ্রস্ত সড়ক, নদীভাঙনে বিলীন হওয়া কৃষিজমি, সবজিক্ষেত, ফলের বাগান এবং মাছের খামারের ব্যাপক ক্ষতির প্রমাণ মিলেছে। পানি নেমে গেলেও অনেক পরিবারের বসতঘর এখনো বসবাসের উপযোগী হয়ে ওঠেনি।

এদিকে, বন্যাদুর্গত এলাকাগুলোর বিভিন্ন স্থানে জমে থাকা কাদা, আবর্জনা ও বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এর ফলে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ পানিবাহিত বিভিন্ন রোগের সংক্রমণের আশঙ্কা বেড়েছে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, বিজিবি, জেলা ও উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং পৌরসভা যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। সরকারি নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসন, ঘর নির্মাণে সহায়তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে।