Tue 27th Oct 2026, 3:02 pm
|

বিশ্বব্যাপী পিএইচডি শিক্ষার্থীদের জন্য এনভিডিয়ার ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার

বিশ্বব্যাপী পিএইচডি শিক্ষার্থীদের জন্য এনভিডিয়ার ফেলোশিপ, অনুদান ৬০ হাজার ডলার
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য গ্র্যাজুয়েট ফেলোশিপের আবেদন আহ্বান করেছে। এই ফেলোশিপের মাধ্যমে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান লাভ করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, স্বয়ংক্রিয় যানবাহন এবং সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তির গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই সুযোগ উন্মুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে সর্বোচ্চ ৬০ হাজার ডলার প্রদান করা হবে, যা সরাসরি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হবে। এই অর্থ শিক্ষার্থীদের মাসিক ভাতা, টিউশন ফি এবং অন্যান্য বাধ্যতামূলক ফি পরিশোধে ব্যবহার করা যাবে।

ফেলোশিপের অংশ হিসেবে নির্বাচিত শিক্ষার্থীদের এনভিডিয়ার নির্ধারিত গবেষণা কার্যালয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করতে হবে। ফেলোশিপের শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই এই ইন্টার্নশিপ সম্পন্ন করা আবশ্যক।

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সিস্টেম আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে আগ্রহী হতে হবে। আবেদনের পূর্বে পিএইচডির প্রথম বছর সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি গবেষণাপত্র বা অভিসন্দর্ভের বিষয়ে সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত থাকা বাধ্যতামূলক।

ফেলোশিপের ৯ মাসের পুরস্কারকালজুড়ে আবেদনকারীকে পূর্ণকালীন পিএইচডি শিক্ষার্থী হিসেবেই থাকতে হবে এবং এই সময়ের মধ্যে পিএইচডি সম্পন্ন করার পরিকল্পনা থাকলে আবেদন করা যাবে না। নির্বাচিত প্রার্থীদের এনভিডিয়ার নির্ধারিত গবেষণা কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করার সক্ষমতা থাকতে হবে।

উল্লেখ্য, এনভিডিয়ার পূর্ণকালীন কর্মী এবং তাদের নিকটাত্মীয়রা এই ফেলোশিপের জন্য যোগ্য বিবেচিত হবেন না। আবেদনের সঙ্গে সর্বোচ্চ দুই পৃষ্ঠার একটি গবেষণার সারসংক্ষেপ বা অভিসন্দর্ভের প্রস্তাব জমা দিতে হবে।

এর সাথে তথ্যসূত্র যুক্ত করা যাবে, যা দুই পৃষ্ঠার সীমার মধ্যে গণনা করা হবে না। এছাড়া, যোগাযোগের বিস্তারিত তথ্যসহ একটি জীবনবৃত্তান্ত (সিভি) আবশ্যক।

আবেদনকারীর জন্য অন্তত দুটি সুপারিশপত্র প্রয়োজন, যার মধ্যে একটি অবশ্যই তার গবেষণা তত্ত্বাবধায়ক বা অধ্যাপকের কাছ থেকে হতে হবে। সর্বোচ্চ তিনটি সুপারিশপত্র জমা দেওয়া যাবে।

পাশাপাশি, নির্ধারিত গ্রীষ্মকালীন ইন্টার্নশিপে সরাসরি অংশগ্রহণের বিষয়ে সম্মতি নিশ্চিত করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের প্রথমে এনভিডিয়ার নির্দিষ্ট পোর্টালে একটি প্রোফাইল তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

এরপর, গবেষণার সারসংক্ষেপ বা অভিসন্দর্ভের প্রস্তাব, সিভি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এই ফেলোশিপের জন্য আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৭।