Thu 29th Oct 2026, 11:08 am
|

আলভারেজ নাকি পাজ: মেসির ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে?

আলভারেজ নাকি পাজ: মেসির ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী কে?
মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি নিয়ে জল্পনা তুঙ্গে। ডিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি—এই জার্সিটি আর্জেন্টাইন ফুটবলে শুধু একটি সংখ্যা নয়, এটি জাদুর প্রতীক, এক মহাকাব্যের অংশ।

এর সঙ্গে জড়িয়ে আছে পাহাড়সমান প্রত্যাশা ও ঐতিহ্য। গত আগস্টে মেসি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর থেকেই এই বিশেষ জার্সির পরবর্তী ধারক কে হবেন, তা নিয়ে চলছে আলোচনা।

বেশিরভাগ বিশেষজ্ঞ নিকো পাজকে দেখছেন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে। তবে দলের অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরোর পছন্দ জুলিয়ান আলভারেজ।

মজার ব্যাপার হলো, রোমেরো যাকে যোগ্য মনে করছেন, সেই আলভারেজ নাকি এই জার্সি পরতে চান না। একটি সাক্ষাৎকারে রোমেরো বলেন, "আমার মতে, জুলিয়ানের ১০ নম্বর জার্সি পরা উচিত।

আমি তাকে ইতোমধ্যেই এ কথা বলেছি। কিন্তু সে তার বর্তমান ৯ নম্বর জার্সি নিয়েই খেলতে চায়।" আর্জেন্টিনার ফুটবলে ঐতিহ্যগতভাবে ১০ নম্বর জার্সি প্লেমেকারদের জন্য সংরক্ষিত, যারা গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও গোল করান এবং আক্রমণের মূল সূত্রধর হিসেবে কাজ করেন।

সেখানে আলভারেজ মূলত একজন গোলশিকারি। গোলশিকারি হলেও বড় ম্যাচে জ্বলে ওঠার অভ্যাস আছে আলভারেজের।

৯ নম্বর জার্সি পরে তিনি এরই মধ্যে ১৬টি আন্তর্জাতিক গোল করেছেন। সর্বশেষ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ১১২ মিনিটে জয়সূচক গোল করে তিনি ম্যাচসেরা হয়েছিলেন।

রোমেরো আলভারেজকে মেসির উত্তরসূরি হিসেবে দেখতে চান, কারণ তার মতে, "ওর মধ্যে সেই বিনয়, পারিবারিক মনোভাব ও ভালো মানুষ হওয়ার সব গুণ স্পষ্ট। যোগ্যতা ওর পুরাই আছে।

আমাদের জাতীয় দলে এমন বহু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে।" আলভারেজের অনাগ্রহের পেছনে নিকো পাজের উত্থানের ভূমিকা থাকতে পারে। ২২ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার যেভাবে নিজেকে মেলে ধরছেন, তাকে উপেক্ষা করা কঠিন।

ইতালিয়ান সিরি আ'তে সম্প্রতি তোরিনোর বিপক্ষে কোমো যখন ২৪ মিনিটে পিছিয়ে পড়েছিল, পাজ এক গোল করে এবং আরেকটিতে সহায়তা করে দলকে জিতিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোমোর ৪-১ গোলের জয়েও তিনি দুর্দান্ত ছিলেন, দুটি গোল করে এবং একটিতে সহায়তা করে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পাজের ৫ গোল এবং ৬টি অ্যাসিস্ট রয়েছে। অন্যদিকে, আলভারেজ ৯ ম্যাচে ২ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন।

পরিসংখ্যানে পাজ কিছুটা এগিয়ে। তবে শুধু পরিসংখ্যান নয়, পাজের খেলার ধরনও লিওনেল মেসিকে মনে করিয়ে দেয়।

দুজনই বাঁ পায়ের প্লেমেকার, প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজতে পুরো মাঠে ঘুরে বেড়ান। তার ফ্রি-কিক এবং শটের ধরনেও কোথাও যেন মেসির ছায়া দেখা যায়।

একদিকে আলভারেজের সহজাত গোল করার ক্ষমতা ও বড় ম্যাচে জ্বলে ওঠার অভ্যাস; অন্যদিকে পাজের সৃষ্টিশীলতা ও বাঁ পায়ের জাদু। রোমেরোর ভোট আলভারেজের পক্ষে থাকলেও, আলভারেজ নিজেই ৯ নম্বর জার্সিতে সন্তুষ্ট।

ফলে মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সিটি এখনও যোগ্য উত্তরাধিকারীর অপেক্ষায়।