ব্যবসা শুরু এখন আরও সহজ: কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় পদ্ধতি

ব্যবসা শুরু এখন আরও সহজ: কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় পদ্ধতি
ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) চালু করতে যাচ্ছে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস)। এই উদ্যোগের অংশ হিসেবে পুরোনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

সোমবার বিকেল ৫টা থেকে আগামী ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য আরজেএসসির স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। বহু প্রতীক্ষিত নতুন এই ইবিআরএস আগামী ১২ নভেম্বর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে চালু হবে।

এরপর থেকে নামের ছাড়পত্র (Name Clearance) এবং নতুন কোম্পানি নিবন্ধনের সমস্ত আবেদন এই অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে। এর ফলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদনকারী কোম্পানিগুলো তাৎক্ষণিকভাবে নিবন্ধন সনদ লাভ করবে।

এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার পর থেকে নামের ছাড়পত্র পেতেও সময় অনেক কমে আসবে। দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের সরকারি দপ্তরে ঘুরে ঘুরে নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ পেতে একাধিক ধাপ পার হতে হতো।

এতে কেবল সময়ক্ষেপণই নয়, তথ্যের ঘাটতি কিংবা কোনো কাগজে অসংগতি দেখা দিলে পুরো প্রক্রিয়ায় আরও জটিলতা ও সময় বাড়তো। ব্যবসা শুরু করার আগেই এমন প্রশাসনিক জটিলতা উদ্যোক্তাদের জন্য বাড়তি খরচ ও অনিশ্চয়তা তৈরি করতো।

এই দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আরজেএসসি কোম্পানি নিবন্ধন ও নামের ছাড়পত্র কার্যক্রমকে সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসির এক পরিপত্রে এই নতুন ব্যবস্থার বিস্তারিত জানানো হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ১২ নভেম্বর সকাল ১০টা থেকে এই নতুন ব্যবস্থা চালু হলে কোম্পানি নিবন্ধনের দুটি গুরুত্বপূর্ণ সেবা এর আওতায় আসবে। তবে সব আবেদন একইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না।

আবেদনকারীর ব্যবহৃত দলিল ও তথ্যের ধরন অনুযায়ী কিছু আবেদন স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়াজাত হবে, এবং কিছু আবেদনের ক্ষেত্রে কর্মকর্তাদের যাচাই-বাছাই প্রয়োজন হবে।